Office Working Time: কর্মীদের দিনে ১৪ ঘণ্টা কাজের প্রস্তাব তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি
৯ ঘণ্টা নয়, দিনে এবার ১৪ ঘণ্টা কাজ। কর্নাটকে কর্মীদের কাজের সময় বাড়ানোর দাবি তুলেছে আইটি কোম্পানিগুলি। স্রেফ মৌখিক দাবি নয়, রাজ্য সরকারের কাছে এই মর্মে প্রস্তাব জমা পড়েছে। কর্মীদের দিনে ১৪ ঘণ্টা কাজ করতে হবে। সেই প্রস্তাব কর্ণাটক সরকারের কাছে আবেদন করেছে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। এবার তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি প্রস্তাবের তীব্র বিরোধিতা করে আন্দোলনের পথে বিভিন্ন সংস্থার কর্মীরা। দৈনিক সাত থেকে আট ঘণ্টা কাজ করতেই ‘জেরবার’ কর্মীরা। একটা ছুটি কিংবা উইক অফের আশায় গোটা সপ্তাহ অপেক্ষায় থাকেন সকলেই। সেই জায়গায় যদি ১৪ ঘণ্টা কাজ করতে হয়, তবে কর্মীদের ধৈর্যের বাঁধ ভাঙবে, তা আর বলার অপেক্ষা রাখে না। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, কর্ণাটক সরকার দোকান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান আইন সংশোধন করার কথা ভাবছে। আর সেই সংশোধনীতেই কাজের সময় বাড়িয়ে ১৪ ঘণ্টা করার প্রস্তাব দিয়েছে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। এর মধ্যে মূল কাজের সময় হল ১২ ঘণ্টা। ২ ঘণ্টা হল ওভারটাইম।
তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির প্রস্তাবে আরও বলা হয়েছে, আইটি, আইটিইএস বিপিও সেক্টরের কর্মীদের প্রয়োজনে ১২ ঘণ্টা বা তার বেশি সময় কাজের অনুমতি দিতে হবে। তবে পরপর তিন মাসে তা ১২৫ ঘণ্টা অতিক্রম করবে না। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, সরকার ইতিমধ্যেই তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির প্রস্তাব নিয়ে প্রাথমিক বৈঠক করেছে। তবে কনও সিদ্ধান্ত নেয়নি কর্ণাটক সরকার। প্রস্তাবটি নিয়ে মন্ত্রিসভায় আলোচনার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যেই কাজের সময় বাড়ানোর প্রস্তাবের বিরুদ্ধে সরব হয়েছে কর্ণাটক স্টেট আইটি, আইটিইস এমপ্লয়িজ ইউনিয়ন ওরফে কিটু। সংগঠনের তরফে ইতিমধ্যে বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, এই নিয়ম কার্যকর হলে এক-তৃতীয়াংশ কর্মী চাকরি ছেড়ে দেবে। অতিরিক্ত সময় কাজ করতে হলে সংস্থার কর্মীদের স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলবে। একই সঙ্গে বর্ধিত ডিউটি আওয়ারের ফলে কর্মীদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতির কথা তুলে ধরেছে ওই সংগঠন।
প্রসঙ্গত, সম্প্রতি এক সমীক্ষায় করা হয়েছে, কর্ণাটক আইটি সেক্টরের ৪৫ শতাংশ কর্মী অবসাদে ভুগছেন। অন্যদিকে ৫৫ শতাংশ কর্মী নানা শারীরিক সমস্যার সম্মুখীন। ফলে কাজের সময় বাড়ালে পরিস্থিতি আরও খারাপ হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি দেশের অগ্রগতির স্বার্থে যুব সমাজকে সাপ্তাহিক ৭০ ঘণ্টা কাজের নিদান দিয়েছিলেন। তাঁর সেই মন্তব্য দেশজুড়ে বিতর্ক তৈরি করেছিল। এখন প্রশ্ন, এবার কি সেই পথেই হাঁটতে চলেছে কর্নাটক?
The post Office Working Time: কর্মীদের দিনে ১৪ ঘণ্টা কাজের প্রস্তাব তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি appeared first on News Bartaman.